দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। চুয়েট শিক্ষক সমিতির আয়োজনে এতে কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরাও অংশ নেন।
কর্মসূচিতে সহযোগী অধ্যাপক সৈয়দ মাসরুর আহম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার স্বার্থেই তারা এ কর্মসূচি পালন করছেন। চলমান অচলাবস্থার কারণে শিক্ষকরা মানসিক চাপে রয়েছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকারের কাছে তাদের আবেদন, চলমান সমস্যার দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমিয়ে আনার ব্যবস্থা করা।
চুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক প্রিয়োতোষ চক্রবর্তী বলেন, অধ্যাপক সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে তাকে পুনর্বহাল করতে হবে। শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ক্যাম্পাসে উপস্থিত না হয়েই উপাচার্য হিসেবে যোগ দেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র পাঠিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন উপাচার্যের যোগদানের পর ওই দিন জরুরি সভা করে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেয় চুয়েট শিক্ষক সমিতি। পরে পৃথক বিবৃতির মাধ্যমে কর্মবিরতিতে একাত্মতা প্রকাশ করে কর্মকর্তা ও কর্মচারী সমিতিও।
চুয়েটে উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচিও অব্যাহত রয়েছে।
এমএস/